MTnews24




বিনোদন ডেস্ক : প্রবাসীর প্রেমে পড়লেন মডেল র্যাম্প ও অভিনেত্রী জান্নাতুল ফেরদোস পিয়া। 

এই প্রেমের টানে ১৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকা পাড়ি দেন তিনি। প্রবাসী যুবকটি আর কেউ নন, এদেশের মডেল ও অভিনেতা নীরব। দুজনই এখন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন জোহানেসবার্গে। সেখান থেকে যাবেন কেপটাউন ও পোর্ট এলিজাবেথে। এমনটি জানিয়েছেন এই প্রেমে তাদের যিনি ইন্ধন জুগিয়েছেন সেই চলচ্চিত্রনির্মাতা আহমদ আলী মণ্ডল। মণ্ডল রয়েছেন তাদের সঙ্গে। আর তাকে তো থাকতেই হবে। কারণ ‘প্রবাসীর প্রেম’ চলচ্চিত্রের নির্মাতা বা এই গল্পের নাটের গুরু তো মণ্ডলই।

সম্প্রতি এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন পিয়া ও নীরব। ‘প্রবাসীর প্রেম’ চলচ্চিত্রের গল্পে দেখা যাবে পিয়া ও নীরব দুজনই প্রবাসী বাংলাদেশি। আফ্রিকার একটি হোটেলে একসঙ্গে কাজ করেন তারা। 


ফটোগ্রাফিতেও নীরবের দক্ষতা রয়েছে। একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক সময় এই প্রেম নিয়ে শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত। নানা নাটকীয়তায় এগিয়ে চলে চলচ্চিত্রের গল্প।

নির্মাতা জানান, টানা ২৫ দিন শুটিং চলবে সেখানে। পিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চোরাবালি’ মুক্তি পেয়েছিল গত বছর। এতে তার কাজ প্রশংসা পায়।

১৮.১১.২০১৩/বক্সঅফিস২৪
 
Top